ঢাকা রোববার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

জ্বালানি প্রতিমন্ত্রী

দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত

দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত

ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে দেশের দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।

তবে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা দোকান খোলা রাখার সময় বাড়ানোর অনুরোধ করেন। তারা প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকানপাট খুলতে চান। তবে সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান।

প্রতিমন্ত্রী বলেন, দোকান মালিক সমিতি আমাদের কাছে একটি আবেদন করেছিল- যাতে তাদের কমপক্ষে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দেই। যদিও মন্ত্রিসভা বৈঠকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী দোকান মালিক সমিতির আবেদন এবং অনুরোধ বিবেচনা করে পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অবশ্যই জরুরি সেবা যারা দেয়, তারা এর আওতার বাইরে থাকবে।

জ্বালানি সংকট মোকাবিলায় সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা নিজ কর্মস্থলের জন্য বিদ্যুৎ সাশ্রয়ী হই। আমরা যদি জ্বালানি সাশ্রয়ী করি তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।

জ্বালানি প্রতিমন্ত্রী,দোকানপাট,শপিংমল,ব্যবসায়ী,সরকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত