
বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে দেড় কোটিরও বেশি বাংলাদেশি কর্মরত আছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আমির হামজার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার আমলে প্রবাসীদের কল্যাণমূলক বিষয়টি চরমভাবে অবহেলিত ছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে নানা ধরনের কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে নারী কর্মীদের নিরাপদ আশ্রয় দেওয়াসহ সেফ হোম স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে বিদেশগামী ও দেশে ফেরা কর্মীদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
এছাড়া আহত, বিমানবন্দর থেকে অসুস্থ ও মৃত কর্মীদের পরিবহনের জন্য ফ্রিজিং সুবিধাসহ পাঁচটি অ্যাম্বুলেন্স বিনামূল্যে সেবা দিচ্ছে। বিদেশগামী কর্মীদের জন্য এককালীন এক হাজার টাকা প্রিমিয়ামে পাঁচ বছর মেয়াদি ১০ লাখ টাকার জীবন বিমা সুবিধাও চালু রয়েছে।
মন্ত্রী প্রবাসীদের জন্য আরও বিভিন্ন সুযোগ-সুবিধার কথাও উল্লেখ করেন।