ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বৈশ্বিক সংকটে অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের মেগা পরিকল্পনা

বৈশ্বিক সংকটে অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের মেগা পরিকল্পনা

জ্বালানি সংকট মোকাবিলা এবং ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠনের লক্ষ্যে একগুচ্ছ বড় পরিকল্পনার ঘোষণা দিয়েছে সরকার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে সৃষ্ট বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে দেশীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অর্থমন্ত্রী জানান, বিগত সরকারের রেখে যাওয়া ‘ভঙ্গুর ও বিশৃঙ্খল’ অর্থনীতি এবং বর্তমান বৈশ্বিক অস্থিতিশীলতা সরকার বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সহায়তা গ্রহণের পাশাপাশি জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস খোঁজা হচ্ছে।

তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ কমাতে প্রাথমিকভাবে ৫০ লাখ দরিদ্র পরিবারকে মাসিক ২৫০০ টাকা করে জিটুপি পদ্ধতিতে সরাসরি ভাতা দেওয়া শুরু হয়েছে। ভবিষ্যতে দেশের সব দরিদ্র পরিবারকে এই সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম দূর করা এবং খেলাপি ঋণ আদায়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী। আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় এ খাতে কঠোর সংস্কার চালানো হবে বলে তিনি উল্লেখ করেন।

জ্বালানি সংকট নিরসনে সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দেশে প্রথমবারের মতো ব্যাপক পরিসরে কৃষি বিমা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নিত্যপণ্যের বাজার তদারকি জোরদার এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাজস্ব আয় বাড়াতে কর ব্যবস্থার আধুনিকায়ন, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রপ্তানি আয় বাড়ানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

সংসদকে আশ্বস্ত করে অর্থমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ দুর্বলতা ও বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করছে এবং একটি সুশৃঙ্খল, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক শক্তিশালী অর্থনীতি গড়ে তোলাই তাদের লক্ষ্য। পাশাপাশি সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে আর্থিক ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এতে বেসরকারি বিনিয়োগ বাড়বে এবং ব্যবসায়িক জটিলতা কমবে।

মেগা পরিকল্পনা,সরকার,অর্থনীতি ঘুরে দাঁড়ানো,বৈশ্বিক সংকট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত