
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জন এবং সন্দেহজনক হামে ১০ জন মারা গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২৩৬ জন। আর ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৩ জনে।
একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২৪ জন, আর ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ১ হাজার ৩৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৬৩৫ জন।
মৃত্যুর হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি ৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলা হিসাবেও ঢাকাতেই সর্বোচ্চ ছয় জনের মৃত্যু হয়েছে।
১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ২১ জনের এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১২৮ জনের।