মনে হচ্ছে, বিএনপি পুরোনো পথেই হাঁটছে: সুজন সম্পাদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১৭:৫১ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, যে প্রক্রিয়ায় শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে, সেই প্রক্রিয়া ও সেই প্রতিষ্ঠান অব্যাহত থাকলে আবারও একই পরিণতি হবে। পুরোনো পদ্ধতিতে হাঁটলে নতুন গন্তব্যে পৌঁছানো যাবে না, এটা সুস্পষ্ট… মনে হচ্ছে, যেন বিএনপি পুরোনো পথেই হাঁটছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুজন আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কেন অপরিহার্য?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। এতে রাজনৈতিক বিশ্লেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সুজন সম্পাদক বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অপরিহার্য। কারণ, আমরা পুরোনো পথে হাঁটতে চাই না। আবারও স্বৈরাচারী ব্যবস্থা দেখতে চাই না। 

বিএনপি জুলাই জাতীয় সদন বাস্তবায়ন করছে না বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের গঠন করা জাতীয় ঐকমত্য কমিশনের এই সদস্য বলেন, তারা (বিএনপির সংসদ সদস্য) সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। অনেকগুলো অধ্যাদেশ নিয়ে টালবাহানা করছে। গুরুত্বপূর্ণ বেশ কিছু অধ্যাদেশ বাতিল করছে। এর কারণ জাতীয় নির্বাচনে দুই–তৃতীয়াংশ ভোট পাওয়া কি না—সেই প্রশ্নও রাখেন তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তাদের (বিএনপি) মাথা খারাপ হয়ে গিয়েছে। অতীতের ইতিহাস বলে, টু থার্ড মেজরিটি নিয়ে কিংবা তার বেশি নিয়ে যারাই ক্ষমতায় এসেছে, তারা নিজেদের জন্য কল্যাণ বয়ে আনে নাই। জনগণের জন্যও কল্যাণ বয়ে আনে নাই।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অপরিহার্য। কারণ, এটি জনগণের রায়ের পক্ষে এবং এটাই শেষ কথা। এতে কোনো যদি বা কিন্তুর সুযোগ নাই।