ঢাকা ও ইসলামাবাদ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী 

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১৮:২০ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ ও পাকিস্তান শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে তার অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন। পারস্পরিক আলাপ-আলোচনাকালে তারা এ অভিন্ন আগ্রহ ব্যক্ত করেন।

এসময়, তারা উভয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিল্পখাতে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

চিনি, টেক্সটাইল, ওষুধ শিল্প, চামড়াখাতে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করে শিল্পমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ককে আরো গতিশীল করতে উভয় দেশের মধ্যে শিল্পখাতে যৌথ উদ্যোগ গ্রহণের যথেষ্ট সুযোগ রয়েছে।’

পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের শিল্পখাতের অগ্রগতি ও বিনিয়োগ বান্ধব পরিবেশের প্রশংসা করেন এবং পাকিস্তানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার আগ্রহ প্রকাশ করেন। তিনি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও অংশীদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও তারা উভয়ে শিল্পখাতে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বাণিজ্য সম্প্রসারণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয় ও হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

সূত্র: বাসস