
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর কমপ্লিট শাটডাউনের আল্টিমেটাম দিয়ে তিন ঘণ্টা পর কাজে ফিরলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ইন্টার্ন চিকিৎসকরা। চালু হয়েছে হাসপাতালের জরুরি স্বাস্থ্যসেবা।
এর আগে, বিকেলে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সংঘর্ষে জড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আহত হন উভয়পক্ষের কয়েকজন। এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের আল্টিমেটাম, ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে।
এর আগে সংঘর্ষের জেরে নিরাপত্তাজনিত কারণে ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এরপর রাতে চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসে ঢাবি প্রশাসন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের এক শিক্ষার্থী আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে সেবা নেন। এ সময় তাকে দেওয়া প্রেসক্রিপশনের একটি ওষুধ খুঁজে না পাওয়ায় কয়েকজন শিক্ষার্থী চিকিৎসকদের এসে জানান।
এরপর বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও চিকিৎসকদের কথা কাটাকাটি হয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
আবা/এসআর/২৬