বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ চলছে
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১১:০৪ | অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।
বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল-আমিন তালুকদার। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৫০টি, ভোটকক্ষ ৮৩৫টি এবং ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন।
অন্যদিকে, শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদের মো. মিজানুর রহমান। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১২৮টি, ভোটকক্ষ ৭৫১টি এবং মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রতিটি ভোটকেন্দ্রে ১৮ থেকে ২০ জন নিরাপত্তা সদস্য মোতায়েন রয়েছে। দায়িত্বে রয়েছেন ৩৬ জন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। এছাড়া কমিশনের ১৮ জন পর্যবেক্ষক এবং স্থানীয় সংস্থার প্রায় ৪০০ পর্যবেক্ষক মাঠে রয়েছেন।
রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের পাশাপাশি প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ প্রায় ৫ হাজার ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
ভোটারদের সুবিধার্থে প্রথমবারের মতো চালু করা হয়েছে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার দুটি সহজ পদ্ধতি—‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ এবং হটলাইন নম্বর ১০৫।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে সেখানে উপ-নির্বাচনের প্রয়োজন হয়।
অন্যদিকে, তফসিল ঘোষণার পর ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়। পরে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করে এ দুটি আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে।
