অনলাইন সংস্করণ
২১:৪৯, ০৯ এপ্রিল, ২০২৬
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিতামূলক ও সময়োপযোগী করতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মন্ত্রীর পক্ষে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
বিলটির ওপর ভোটাভুটির সময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা এর বিরোধিতা করে না ভোট দেন। এ সময় জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন। তবে অধিবেশনে বিরতির পর তারা আবার সংসদে যোগ দেন।
বিলটি নিয়ে আলোচনায় বিরোধীদলীয় এমপি হান্নান মাসুদ প্রশ্ন তোলেন, অন্তর্বর্তী সরকার বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার অধ্যাদেশ জারি করেছিল—বর্তমানে আবার কী এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা স্পষ্ট নয়। তিনি অভিযোগ করেন, এই আইনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে দলীয়ভাবে প্রশাসক নিয়োগের পথ তৈরি হচ্ছে এবং এতে স্থানীয় সরকারের গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হবে।