ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে বড় ব্যবধানে বিজয় বিএনপির

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে বড় ব্যবধানে বিজয় বিএনপির

জাতীয় সংসদের বগুড়া-৬ উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই জয় পেয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করে রেজাউল করিম বাদশা ও মাহমুদুল হক রুবেলকে বিজয়ী ঘোষণা করেন।

বগুড়া-৬ আসনের ১৫০টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবিদুর রহমান সোহেল পান ৫৭ হাজার ১৫৯ ভোট।

এ আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জনের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৯১ হাজার ৬৯৬ জন। ভোট শেষে জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়।

অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ১২৮টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।

এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন এবং ভোট পড়েছে ৫০ দশমিক ৫২ শতাংশ। নির্ধারিত সময় অনুযায়ী সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি সারাদেশের সঙ্গে এ আসনেও নির্বাচন হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়েছিল।

শেরপুরের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ভোটগ্রহণ সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে। তবে কিছু কেন্দ্রে জাল ভোটের অভিযোগে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনপি,বড় ব্যবধানে জয়,শেরপুর-৩,বগুড়া-৬
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত