চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১১:২৫ | অনলাইন সংস্করণ

দেশের চারটি বিভাগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ-এর দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দেশের অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে।
দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার রংপুর ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
সোমবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস দেওয়া হয়েছে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা ও প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
