সংসদে আরও ১০ বিল পাস, বিশেষ কমিটির সুপারিশ কার্যকর
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১৩:২৩ | অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের অংশ হিসেবে জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে বিলগুলো উত্থাপন করা হয় এবং দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সর্বসম্মতিক্রমে সেগুলো পাস হয়।
সংসদের বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করা হয়। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার প্রস্তাব দেওয়া হয়।
এদিন পাস হওয়া বিলগুলো অপরিবর্তিতভাবেই অনুমোদনের সুপারিশ করেছিল কমিটি।
এদিন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ এবং ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। পরবর্তীতে সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করলে সেটিও সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।
এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬’ উত্থাপন করেন, যা পাস হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’, ‘এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, ২০২৬’ এবং ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে উপস্থাপন করলে সেগুলোও সর্বসম্মতিক্রমে পাস করা হয়।
