প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

আগামী সপ্তাহ থেকে মেডিকেল-ব্যবসায়ী ভিসা চালু করতে পারে ভারত

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৩:৩১ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

আগামী সপ্তাহ থেকে ভারত বাংলাদেশিদের জন্য মেডিকেল ও ব্যবসায়ী ভিসা চালু করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। 

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রুটিন বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

হুমায়ুন কবির জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ভারত সফরে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। 

তিনি বলেন, মেডিকেল, বিজনেস ভিসা দ্রুত চালু করার কথা বলা হয়েছে ভারতকে। হয়তো আগামী সপ্তাহে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক। তাদের আর বাংলাদেশে গুরুত্ব নেই। শেখ হাসিনার বিষয়ে জুডিশিয়াল প্রসেসে এগোনো হবে।

শহিদ শরিফ ওসমান হাদি হত্যার দায়ে অভিযুক্তদের দেশে ফেরানো প্রসঙ্গে তিনি জানান, অভিযুক্ত দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব।

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সার্কভুক্ত দেশগুলোতেও প্রথম সফর হতে পারে। তবে এখনও কিছু ফাইনাল হয়নি, তবে ব্যাপারটি বিবেচনাধীন আছে।

বর্তমান সরকার সবসময় জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ নির্বাচিত সরকারের পক্ষে আছে, তাই বড় গলায় কথা বলতে পারি। দেশকে বিক্রি করে বিএনপি সরকার কিছুই করবে না।