হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৭:১৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর মৃত্যু নিশ্চিত হামে এবং বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ হিসাব ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু। এদের মধ্যে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৫৬ শিশু।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা ১৭ হাজার ২৪ জনের মধ্যে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৫৪ জন। তাদের মধ্যে ২ হাজার ৭২১ জনের হাম শনাক্ত হয়েছে। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৩৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া দুই শিশুই ঢাকা বিভাগের। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের।
এ সময়ে সর্বোচ্চ ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। রাজশাহী বিভাগে শনাক্ত হয়েছে ৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জন। অন্য বিভাগগুলোতে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।
