
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা। ঢোল-বাদ্যের তালে তালে রঙিন মোটিফে সেজে ওঠা এ শোভাযাত্রায় অংশ নিয়েছে শিক্ষার্থী, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৫ মিনিটে চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।
শোভাযাত্রায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীও অংশ নেন।
শোভাযাত্রাটি চারুকলার ৩ নম্বর (উত্তর) গেট থেকে শুরু হয়ে শাহবাগ থানার সামনে ইউটার্ন নিয়ে রাজু ভাস্কর্য, টিএসসি ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হবে।
এবারের আয়োজনে মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া—এই পাঁচটি মোটিফ স্থান পেয়েছে। পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনায় জাতীয় সংগীত, ‘এসো হে বৈশাখ’সহ দেশাত্মবোধক গান পরিবেশিত হচ্ছে।
এছাড়া শোভাযাত্রায় অংশ নেওয়া ২০০ শিক্ষার্থী বহন করছেন বাংলাদেশের জাতীয় পতাকা।