
রাজধানীতে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা।
‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
শোভাযাত্রাটি চারুকলার ৩ নম্বর (উত্তর) গেট থেকে বের হয়ে শাহবাগ থানার সামনে ঘুরে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি প্রাঙ্গণ ঘুরে পুনরায় চারুকলায় এসে সকাল ১০টা ৫ মিনিটে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল নানা ধরনের প্ল্যাকার্ড ও প্রতীকী শিল্পকর্ম, যেখানে পরিবেশ, আন্তর্জাতিক রাজনীতি ও সামাজিক বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়। ‘বাঁচাও সুন্দরবন’, ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ইরানে মার্কিন যুদ্ধ বন্ধ করো’, ‘গণহত্যাকারীদের রাজনীতি প্রত্যাখ্যান করো’, ‘ফসলের লাভজনক মূল্য দাও’, ‘শিক্ষা বাণিজ্য বন্ধ করো’ এবং ‘মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করো’—এমন বিভিন্ন স্লোগান দেখা যায়।
শোভাযাত্রার পুরো সময়জুড়ে ঢোল, বাঁশি ও অন্যান্য বাদ্যযন্ত্রের সুরে মুখর ছিল পরিবেশ। সঙ্গীত, রঙ ও ঐতিহ্যের মেলবন্ধনে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শোভাযাত্রা উপলক্ষে ভোর থেকেই পুরো এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা শোভাযাত্রার সামনে ও পেছনে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন।