অনলাইন সংস্করণ
১৩:০৮, ১৪ এপ্রিল, ২০২৬
বাংলা নববর্ষের প্রথম দিনে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ তুলে দেন তিনি।
অনুষ্ঠানে প্রথম পর্যায়ে ১৫ জন কৃষকের হাতে সরাসরি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী এবং গাছের চারা বিতরণ করেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর রাজধানীর গুলশানের বাসভবন থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়। পরে সকাল ১১টা ২২ মিনিটে তিনি উদ্বোধনী মঞ্চে ওঠেন।
প্রথম ধাপে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন।
‘কৃষক কার্ড’ এর মাধ্যমে কৃষকরা বছরে আড়াই হাজার টাকা সহায়তা, সরকারি ভর্তুকি, কৃষিঋণ, বীজ ও সারসহ মোট ১০ ধরনের সুবিধা পাবেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরকারি সহায়তা পৌঁছানো নিশ্চিত হবে।