অনলাইন সংস্করণ
১৬:১৪, ১৪ এপ্রিল, ২০২৬
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ শিশুর মৃত্যু নিশ্চিত হামে এবং বাকি ৮ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ হিসাব ১৩ এপ্রিল সকাল ৮টা থেকে ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্দেহজনক হাম রোগে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ জন এবং ঢাকা জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ১৬৪ জন।
এর আগে, গতকাল সোমবার হাম ও এর উপসর্গে ৭ শিশুর মৃত্যুর খবর জানানো হয়। তাদের মধ্যে ২ জনের মৃত্যু নিশ্চিত হামে এবং ৫ জন উপসর্গ নিয়ে মারা যায়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৯৭ জনে। এছাড়া, একই সময়ে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৬৫২ জন।