অনলাইন সংস্করণ
১৭:১১, ১৪ এপ্রিল, ২০২৬
মাদক নির্মূলে শিগগিরই আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান শুরু করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। খুব শিগগিরই এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে, যাতে বাংলাদেশকে মাদকমুক্ত করা যায়।
তিনি বলেন, বর্তমানে জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ সমস্যা সমাধানে কীভাবে কার্যকর ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়ে সরকার গবেষণা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
মানবপাচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের কিছু অঞ্চলে-বিশেষ করে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার এলাকায় মানবপাচার প্রকট আকার ধারণ করেছে। মানবপাচার রোধে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সব পয়েন্টে কঠোর নজরদারি ও সুসংগঠিত অভিযান পরিচালনার মাধ্যমে এ অপরাধ দমন করা হবে বলেও জানান তিনি।
এ ক্ষেত্রে জনগণের তথ্য ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোথায় কী ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, সে সম্পর্কে তথ্য প্রদান করলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকরভাবে ব্যবস্থা নিতে পারবে।