জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ২২:১৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ড. ইউনূস যখন জুলাই সনদে সই করার জন্য ডেকেছিলেন, সবার প্রথম জুলাই সনদে বিএনপি সই করেছিল। যে জুলাই সনদে বিএনপি সই করেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, শব্দ, লাইন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর কবর জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধীদলের ওপর আছর করেছে। জুলাই সনদ নিয়ে এত দরদ হলে কেন সনদে আগে স্বাক্ষর করেনি? যারা জনগণের কর্মসূচি বাধাগ্রস্ত করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করবে বিএনপি।

তারেক রহমান বলেন, বিরোধী পক্ষ পরিস্থিতি ঘোলাটে করতে চায়। স্বৈরাচার চলে গেলেও স্বৈরাচারের ভূত রয়ে গেছে। অন্য কোনো দেশ নয়, বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। কাজেই সনদ যেটি বিএনপি সই করে এসেছে, সেই সনদে অন্যরাও সই করেছে। বিরোধী দলেরা প্রথমে দেখলাম দল সই করবে কি-না? ঢেলেঢালা। তাদের সঙ্গে একটি দল তখন সই-ই করেনি। তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে তড়িঘড়ি সই করেছে।’

তিনি বলেন, যারা বিএনপির খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও পেশাদার খেলোয়াড় তৈরিসহ জনকর্মসূচিতে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে। কাজেই আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।

 

আবা/এসআর/২৬