অনলাইন সংস্করণ
১৮:২৭, ১৫ এপ্রিল, ২০২৬
সারাদেশে গত এক মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৩২ শিশু এবং হাম সন্দেহে মৃত্যু হয়েছে আরও ১৬৬ জনের।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১২ হাজার ৩৯৮ শিশু। এদের মধ্যে ২ হাজার ৯৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১ জনের। একই সময়ে নতুন করে হাম আক্রান্ত হয়েছে ৭৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩০ জন। এরপরই রয়েছে রাজশাহী বিভাগ। সেখানে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৬৭ শিশুর।
অন্যদিকে, সবচেয়ে কম আক্রান্ত হয়েছে রংপুর বিভাগে। এ বিভাগে ৬৪৪ জন শিশু হাম ও হাম সন্দেহে আক্রান্ত হলেও গত এক মাসে সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।