২০ এপ্রিল বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৮:৪৭ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম বগুড়া সফর।
বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রধানমন্ত্রী ওইদিন সকাল সাড়ে ১০টায় বগুড়ায় পৌঁছাবেন। সফরকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্কিট হাউজে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী, বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জেলা জজ কোর্টে ই-বেইলবন্ড কার্যক্রম এবং বার সমিতির নবনির্বাচিত ভবনের উদ্বোধন করবেন। পরে তিনি বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধন করবেন।
এছাড়া গাবতলীর বাগবাড়ীতে নিজ পৈতৃক ভিটায় গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ, গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খালকাটা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।
