
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। সংস্থাটির দুই সহযোগী ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ মোট ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, এলপিজি লিমিটেডের (এলপিজিএল) ব্যবস্থাপনা পরিচালক এবং বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা মো. ইউসুফ হোসেন ভুঁইয়াকে বদলি করে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
একই আদেশে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদকে এলপিজিএলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে এসএওসিএলের সিইও ফেরদৌসী মাসুম হিমেলকে বিপিসির মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) পদে বদলি করা হয়। একই সঙ্গে বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে মহাব্যবস্থাপক (অর্থ) পদে পুনর্বহাল করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৃহস্পতিবার দুপুরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে তাদের স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।
এছাড়া বিপিসির চেয়ারম্যান কার্যালয়ে সংযুক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) এবং মহাব্যবস্থাপক (অর্থ) হিসেবে চলতি দায়িত্বে থাকা মো. জাহাঙ্গীর কবিরকে মহাব্যবস্থাপক (নিরীক্ষা) পদে চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দেশের একটি সরকারি সংস্থা, যা তেল ও পেট্রোলিয়াম পণ্যের আমদানি, বিতরণ ও বাজারজাতকরণের দায়িত্বে নিয়োজিত।