কমিশনিং লাইসেন্স পেয়ে গেলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২২:০৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কমিশনিং লাইসেন্স পেয়ে গেলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এতে করে দেশের প্রথম ও বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি উৎপাদনের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু করতে পারবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৭ এপ্রিল থেকে দেশের প্রথম ও বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে ফুয়েল লোডিংয়ের কথা জানিয়েছিলেন। গত ১৪ মার্চ গণমাধ্যমকর্মীদের তিনি জানান, ৭ এপ্রিল থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোড শুরু হবে। এটি হবে দেশের পরমাণু বিদ্যুৎ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

জুন থেকে জুলাই মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে এই বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে আশার কথা জানিয়ে ওইদিন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আরও বলেন, প্রকল্পের একটি ইউনিট ডিসেম্বরের মধ্যে পূর্ণ ক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

এর আগে, নিবন্ধন না পাওয়ায় গত ৭ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ফুয়েল লোডিং করা যায়নি। ওইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক এ তথ্য জানিয়েছিলেন। অবশেষে কমিশনিং লাইসেন্স পাওয়ায় এখন বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনের প্রক্রিয়া যেতে আর কোনো বাধা থাকলো না।

 

আবা/এসআর/২৬