অনলাইন সংস্করণ
১১:৪৩, ১৭ এপ্রিল, ২০২৬
আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। একই সঙ্গে শুরু হয় মুক্তিযুদ্ধ পরিচালনার আনুষ্ঠানিক রাজনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম।
সেদিনের এই আয়োজনের মধ্য দিয়ে একদিকে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার দিকনির্দেশনা দেওয়া হয়, অন্যদিকে নবগঠিত রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর ভিত্তিও স্থাপন করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলা এবং স্বীকৃতি আদায়ের বিষয়টিও ছিল অস্থায়ী সরকারের গুরুত্বপূর্ণ লক্ষ্য।
১৯৭১ সালের ১৭ এপ্রিল জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে এবং ঘোষণা করা হয় দেশের নাম হবে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’।
জাতির নেতা শেখ মুজিবুর রহমান সে সময় পাকিস্তানে বন্দি থাকায় অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলাম। ১১ সদস্যের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তাজউদ্দীন আহমদ।
এর আগে ১০ এপ্রিল গৃহীত স্বাধীনতার ঘোষণাপত্রকে ওই দিন সাংবিধানিক ভিত্তি হিসেবে পাঠ করা হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে ঘোষণা করা হয় এম এ জি ওসমানী-কে।
মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করতে পুরো দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। একই সঙ্গে শরণার্থী ব্যবস্থাপনা এবং বিশ্বব্যাপী বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলার দায়িত্বও পালন করে অস্থায়ী সরকার।