হজযাত্রীদের সেবা দিতে না পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১৫:১১ | অনলাইন সংস্করণ

হজযাত্রীদের যথাযথ সেবা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায়িত্বে থাকার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, ‘আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা করতে না পারলে আমাদের পদত্যাগ করা উচিত।’
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার। পরিদর্শনকালে তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের থাকা-খাওয়া ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হজক্যাম্প পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। তিনি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
হজক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রবের বিষয়ে মন্ত্রী বলেন, সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
