অনলাইন সংস্করণ
১৬:১৬, ১৭ এপ্রিল, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, একটি ‘বট বাহিনী’ তাকে লক্ষ্য করে ভুয়া ফটোকার্ড তৈরি ও ট্রল করছে।
মন্ত্রী জানান, তাকে জড়িয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এর মধ্যে পরীক্ষার দিনই নাকি পরীক্ষার রুটিন দেওয়া হবে—এমন কথাও প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
শুক্রবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার রুটিন নিয়েও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘নকল ঠেকাতে পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে না’—এমন খবর সম্পূর্ণ মিথ্যা ও গুজব।
এছাড়া ‘ফেল করলেই এমপিও বাতিল’—এ ধরনের কথাও বট বাহিনীর মাধ্যমে ছড়ানো হয়েছে বলে দাবি করেন মন্ত্রী।
তিনি বলেন, তার বক্তব্য ছিল—কোনো প্রতিষ্ঠানে শূন্য পাস হলেও এমপিও বাতিল করা হবে না। কিন্তু সেটিকে বিকৃত করে ভিন্নভাবে প্রচার করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে অনেকেই যাচাই-বাছাই না করেই সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যকে সত্য হিসেবে গ্রহণ করছেন।