সংকট নেই, ২০ এপ্রিল হামের টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১৬:৫২ | অনলাইন সংস্করণ

দেশে হামের টিকার কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, আগামী ২০ এপ্রিল থেকে দেশজুড়ে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্ধারিত সময় অনুযায়ী হামের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে এবং বর্তমানে টিকার কোনো ঘাটতি নেই। তবে সিরিঞ্জের মজুত প্রসঙ্গে তিনি জানান, আগামী ১৫ মে পর্যন্ত পর্যাপ্ত সিরিঞ্জ রয়েছে এবং পরবর্তী সময়ের জন্য সংগ্রহ প্রক্রিয়া চলমান।

আসন্ন মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার আগাম প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া যক্ষ্মার প্রকোপ বাড়ার আশঙ্কা বিবেচনায় আগেভাগেই টিকা ও প্রতিষেধকের পর্যাপ্ত মজুত রাখার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

ভ্যাকসিন সরবরাহে চ্যালেঞ্জের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকার কোনো ভ্যাকসিন সংগ্রহ করে যায়নি, ফলে বর্তমান সরকারকে জরুরি ভিত্তিতে এসব সামগ্রী সংগ্রহ করতে হয়েছে।

সরকারের উন্নয়ন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, একটি ‘দুষ্টচক্র’ জনস্বার্থে নেওয়া উদ্যোগগুলো ব্যাহত করার চেষ্টা করছে।

এ সময় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।