অনলাইন সংস্করণ
১৭:৫১, ১৭ এপ্রিল, ২০২৬
সরকারের ‘দুই মাস পূর্তি’ উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী উপস্থিত থাকবেন।
এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কর্মকাণ্ড, অর্জন ও অগ্রগতির চিত্র তুলে ধরা হতে পারে। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা এবং চলমান বিভিন্ন ইস্যু নিয়েও বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে।
সংবাদ সম্মেলনে অংশ নিতে আগ্রহী সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।