
আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করার সময় এই আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আশা করি, আগামী বছর যারা হজে যাবেন তাদের জন্য আরেকটু খরচ কমাতে পারব। আমরা চেষ্টা করছি আরও ভালো করার, যাতে আগামী বছর থেকে হজযাত্রীদের কষ্ট কম হয়।’
তিনি বলেন, ‘আমরা সরকার গঠন করেছি ফেব্রুয়ারির ১৮ তারিখ। এবার হজের ব্যবস্থাপনা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে।সেজন্য আমরা এসে এবার খুব বেশি কিছু করার সুযোগ পাইনি। তারপরও চেষ্টা করেছি যতটুকু করা যায়, তবে এবার একটা জিনিস করতে পেরেছি সেটা হলো হজের খরচ ১২ হাজার টাকার মতো কমাতে পেরেছি।’
হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন। দেশের জন্য দোয়া করবেন যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আমিও দোয়া করি আপনারা যেন সুস্বাস্থ্য নিয়ে দেশে ফিরতে পারেন।’
পরে প্রধানমন্ত্রীসহ অন্যদের উপস্থিতিতে ফ্লাইটেই হজযাত্রীদের নিরাপদ যাত্রার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ চেয়ে দোয়া মোনাজাত হয়। এরপর ফ্লাইট থেকে নেমে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ হয়ে বাইরে এসে বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
আবা/এসআর/২৬