সংসদে জ্বালানিমন্ত্রী

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৮:১২ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশে বিদ্যমান উত্তোলনযোগ্য গ্যাসের মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা পূরণ করা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২ দশমিক ১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট গ্যাসের পরিমাণ ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট।

তিনি জানান, নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং বর্তমান হারে (দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট) গ্যাস সরবরাহ অব্যাহত থাকলে এ মজুত দিয়ে প্রায় ১২ বছর চাহিদা পূরণ সম্ভব হবে।

গ্যাস অনুসন্ধান কার্যক্রম সম্পর্কে মন্ত্রী জানান, পেট্রোবাংলার কূপ খনন ও ওয়ার্কওভার মহাপরিকল্পনার আওতায় ৫০ ও ১০০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ২৬টি কূপ খনন ও ওয়ার্কওভার সম্পন্ন হয়েছে এবং বাকিগুলোর কাজ বিভিন্ন পর্যায়ে চলমান।

এছাড়া সাইসমিক জরিপের বিষয়ে তিনি জানান, বাপেক্সের মাধ্যমে ব্লক-৭ ও ৯-এ ৩ হাজার ৬০০ কিলোমিটার ২ডি সাইসমিক ডাটা সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং তা প্রক্রিয়াকরণের কাজ চলছে। পাশাপাশি বিজিএফসিএলের মাধ্যমে হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা এলাকায় ১ হাজার ৪৫০ বর্গকিলোমিটার এলাকায় ৩ডি সাইসমিক ডাটা সংগ্রহের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, বাপেক্স ও এসজিএফএলের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় আরও বিস্তৃত ৩ডি সাইসমিক জরিপ পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।