সোমবার থেকে বর্ধিত হারে বরাদ্দ হবে ডিজেল-পেট্রোল-অকটেন : বিপিসি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ২২:৫৯ | অনলাইন সংস্করণ

গ্রাহক চাহিদা বিবেচনায় সোমবার থেকে ডিপোপর্যায়ে ডিজেল ১০%, পেট্রোল ১০% ও অকটেন ২০% বর্ধিত হারে বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
রোববার (১৯ এপ্রিল) রাতে বিপিসি এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। নতুন নির্ধারিত এই দাম রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হয়।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি লিটার জ্বালানি তেলের নতুন দাম হবে- অকটেন প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রোল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন প্রতি লিটার ১৩০ টাকা এবং ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা।
নতুন এই দাম কার্যকর হওয়ার ফলে রোববার থেকে দেশের সকল ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে এই নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
আবা/এসআর/২৬
