দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান শুরু

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৩:১১ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

হামের প্রাদুর্ভাব প্রতিরোধে দেশজুড়ে শুরু হয়েছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন।

একই সময় প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কর্মসূচির উদ্বোধন করে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানান, দেশের ১৮ জেলা, ৩০ উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকায় প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।

এর আগে ৫ এপ্রিল প্রথম ধাপে ১৮ জেলার ৩০টি উপজেলায় এই কর্মসূচি শুরু হয়। পরে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ চারটি সিটি করপোরেশনে (ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ) দ্বিতীয় ধাপে কার্যক্রম শুরু হয়।

চলমান এই বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত চলবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যেসব শিশু বর্তমানে জ্বরে আক্রান্ত বা অসুস্থ রয়েছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দিতে হবে। পাশাপাশি প্রথম ডোজ নেওয়ার পর চার সপ্তাহ পূর্ণ না হলে দ্বিতীয়বার হামের টিকা দেওয়া যাবে না বলেও সতর্ক করা হয়েছে।