
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করা বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রঙ পরিবর্তন নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে আবারও নতুন রঙ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের ইউনিফর্মে গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফিরে আসছে।
এ বিষয়ে পুলিশ ড্রেস রুলস, ২০২৫ সংশোধনের প্রস্তাব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
সম্প্রতি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, পূর্বে জারি করা এসআরও অনুযায়ী পুলিশের শার্ট গাঢ় ধূসর এবং প্যান্ট গাঢ় নীল থেকে পরিবর্তন করে শার্ট লোহার রঙ ও প্যান্ট কফি রঙ নির্ধারণ করা হয়। তবে মাঠপর্যায়ে এ পরিবর্তন নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিষয়টি নিয়ে বাহিনীর ভেতরে-বাইরে ব্যাপক আলোচনা শুরু হয়।
পরবর্তীতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন রঙের নমুনা পর্যালোচনা করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শক্রমে প্রাথমিকভাবে নতুন করে রঙ নির্বাচন করেন।
নতুন প্রস্তাব অনুযায়ী, সব মেট্রোপলিটন পুলিশের জন্য শার্টের রং হবে হালকা অলিভ (জলপাই) রঙের।
এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের জন্য শার্টের রং হবে গাঢ় নীল। উভয় ক্ষেত্রেই প্যান্টের রং নির্ধারণ করা হয়েছে টিসি টুইল খাকি রঙ। এই পরিবর্তন কার্যকর করতে পুলিশ ড্রেস রুলস, ২০২৫-এর একাধিক বিধি সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
প্রজ্ঞাপন জারির জন্য একটি খসড়া এরইমধ্যে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ইউনিফর্ম সরবরাহ প্রাপ্যতার ভিত্তিতে হওয়ায় এই পরিবর্তনে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় হবে না।
আবা/এসআর/২৬