রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৩:৩৭ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক শূন্য ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিসমিক অবজারভেটরি অ্যান্ড রিসার্চ সেন্টার সূত্রে জানা যায়, ভোর ৬টা ২৯ মিনিট ৩৬ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যে, যা ঢাকা থেকে প্রায় ৪৩৬ কিলোমিটার দূরে অবস্থিত।
ভূমিকম্পটি রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্প সময়ের জন্য অনুভূত হলেও এর স্থায়িত্ব ছিল খুবই কম।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক মো. রুবাইয়াত কবির জানান, ভূমিকম্পটির মাত্রা মাঝারি হলেও উৎপত্তিস্থল ঢাকা থেকে দূরে হওয়ায় এর প্রভাব তুলনামূলকভাবে কম ছিল।
তিনি আরও জানান, আতঙ্কিত হওয়ার কারণ নেই। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
