এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী, বহিষ্কার ৬
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ২০:২৭ | অনলাইন সংস্করণ

সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত নথিতে এসব তথ্য উঠে আসে।
তথ্য অনুযায়ী, এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ১৫ লাখ ৯ হাজার ৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন। ফলে অনুপস্থিত থাকে ২৫ হাজার ৪০৮ জন। দেশজুড়ে ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসএসসি (সাধারণ শিক্ষা বোর্ড):
৯টি বোর্ডের অধীনে ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা হয়। নিবন্ধিত ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ১১ হাজার ৮৯০ জন এবং বহিষ্কার হয়েছে ২ জন।
মাদরাসা শিক্ষা বোর্ড:
দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন। ৭৪১টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন। এ বোর্ডে বহিষ্কার হয়েছে ৪ জন পরীক্ষার্থী।
কারিগরি শিক্ষা বোর্ড:
৬৫৩টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ১ লাখ ১৯ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন। অনুপস্থিত ২ হাজার ৩০৭ জন। এ বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
