পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৪:২৪ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
পরিবহনমন্ত্রী বলেন, আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এখনো সিদ্ধান্ত হয়নি। আশা করা যায় কালকে (বৃহস্পতিবার) সিদ্ধান্ত (ভাড়া বৃদ্ধির বিষয়) হবে।
এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকেই গণপরিবহনের ভাড়া বাড়াতে তৎপর হয়ে ওঠেন পরিবহন মালিক-শ্রমিকরা। এরই মধ্যে কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে, যা নিয়ে যাত্রীদের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটছে।
এ পরিস্থিতিতে সরকারিভাবে নতুন ভাড়া নির্ধারণ না হওয়া পর্যন্ত অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
এরই ধারাবাহিকতায় বাস ও ট্রাক ভাড়া সমন্বয় নিয়ে আজ দুপুরে সচিবালয়ে বৈঠক করেন পরিবহন মালিক, শ্রমিক ও সরকারি প্রতিনিধিরা।
