হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৮:০৭ | অনলাইন সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯১৩ শিশু এবং ১২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব ২১ এপ্রিল সকাল ৮টা থেকে ২২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২২৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ঢাকা বিভাগেই রয়েছে ৫৬২ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে সর্বোচ্চ ৪০৬ জন ঢাকা বিভাগের, আর সবচেয়ে কম ৯ জন ভর্তি হয়েছে রংপুর বিভাগে।

এদিকে একই সময়ে চিকিৎসা শেষে ৭৮৬ শিশু হাসপাতাল থেকে ছাড় পেয়েছে, যার মধ্যে ঢাকা বিভাগের রয়েছে ৩৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯০ শিশুর। একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে মোট ২৭ হাজার ১৬৪ জনের মধ্যে। এর মধ্যে ১৭ হাজার ৯৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৩ হাজার ৯৩৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছে ১৪ হাজার ৮৯২ জন।