অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৮:১৬ | অনলাইন সংস্করণ

ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে রাজশাহী-১ আসনের বিরোধী দলের (জামায়াত) সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বিসিএস-এর মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জানান, ৪৪তম বিসিএসের মাধ্যমে ৯৮ জন সহকারী সার্জন ও ২২ জন ডেন্টাল সার্জন এবং ৪৮তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ৪৫তম বিসিএসে ৪৫০ জন, ৪৬তম বিসিএসে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসে ১ হাজার ৩৩১ এবং ৫০তম বিসিএসে ৬৫০টি সহকারী সার্জন নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।

সিনিয়র স্টাফ নার্স শূন্য পদ পূরণের লক্ষ্যে নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি জানান, মিডওয়াইফ পদ পূরণের লক্ষ্যে গত ১৩ মার্চ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। অতি দ্রুতই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে শূন্যপদগুলো পূরণ করা হবে।