১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২১:৩৭ | অনলাইন সংস্করণ

দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দ্রুততম সময়ের মধ্যে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে আয়োজিত এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন।

নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমরা নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে যাচ্ছি। এর প্রস্তুতিমূলক কাজ চলছে। আশা করছি, অল্প কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।"

স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়ন ও চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, "উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের ৫০০টি হাসপাতালে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হবে। চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতেই দ্রুত এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।"

দেশে ভ্যাকসিনের বর্তমান মজুদ ও টিকাদান কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে টিকার কোনো সংকট নেই। আগামী ৬ মাস পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে টিকাদান কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো মজুদ সরকারের কাছে রয়েছে। পর্যাপ্ত মজুদ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও তিনি জানান।

মন্ত্রী আরও উল্লেখ করেন যে, আগে প্রতি চার বছর অন্তর টিকাদান ক্যাম্পেইন করা হলেও বর্তমান সরকার সারাদেশে প্রতিদিন এই কর্মসূচি পরিচালনা করছে। ২০২০ সালের পর দীর্ঘ বিরতি কাটিয়ে বর্তমানে এই কার্যক্রম পুরোদমে সচল রয়েছে বলে তিনি জানান।