শাহবাগ থানার সামনে ডাকসু নেতা জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ২২:৫৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগ থানার ভেতরে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিয়েছে। ডাকসু নির্বাচনে ছাত্রশিবির প্যানেলের সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদের আইডি থেকে কুরুচিপূর্ণ একটি পোস্টের স্ক্রিনশট ছড়ানোর অভিযোগে এই উত্তেজনা তৈরি হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর রাজধানীর শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
এসময় ডাকসুর নেতা জুবায়ের বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ বি জুবায়ের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবং মুসাদ্দিককে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ডাকসু নেতা আব্দুল্লাহ আল মাহমুদের আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ একটি পোস্টের স্ক্রিনশট ছড়ানোর অভিযোগে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
তবে আল মাহমুদ অভিযোগ অস্বীকার করে বলেন, তার নামে এটি ছড়ানো হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় জিডি করতে গেলে খোঁজ পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা থানায় যান।
এ বিষয়ে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান বলেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এ বি জুবায়েরসহ ছাত্রশক্তি ও শিবিরের নেতাকর্মীরা থানায় এলে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা তাদের মারধরের চেষ্টা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা তখন ঢাল হয়ে দাঁড়ান।
এদিকে ভিপি সাদিক কায়েমসহ ডাকসুর অন্যান্য নেতারা আহতদের দেখতে ঢাকা মেডিক্যালে যাচ্ছেন বলে জানা গেছে।
আবা/এসআর/২৬
