সাক্ষ্যগ্রহণেই থমকে রানা প্লাজা মামলা, বিচার নিয়ে অনিশ্চয়তা

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৩ | অনলাইন সংস্করণ

দীর্ঘ ১৩ বছর পেরিয়ে গেলেও আলোচিত রানা প্লাজা ধসের মামলার বিচারিক প্রক্রিয়া এখনো কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি। বিচারকাজ মূলত সাক্ষ্যগ্রহণ পর্যায়েই আটকে আছে, যা নিয়ে হতাশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট আইনজীবীরাও।

২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার অদূরে সাভারে ভয়াবহভাবে ধসে পড়ে রানা প্লাজা। দেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারান ১ হাজার ১৩৬ জন। এ ঘটনার পর তৈরি পোশাক খাতে পরিবর্তন এলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই।

ঘটনাকে কেন্দ্র করে মোট চারটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে কেবল ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের একটি মামলা নিষ্পত্তি হয়েছে। অবহেলায় হত্যাসহ বাকি তিনটি মামলা এখনো বিচারিক আদালতের গণ্ডি পার হতে পারেনি।

হত্যা মামলায় মোট ৫৯৪ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৪৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ৩০ এপ্রিল পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। দীর্ঘসূত্রিতার কারণে ৪১ জন আসামির মধ্যে প্রধান অভিযুক্ত সোহেল রানা ছাড়া কেউ পলাতক, আবার কেউ জামিনে রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আগের সরকারের সময় এত বড় মানবিক বিপর্যয়ের বিচার প্রক্রিয়াকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তাদের মতে, রাজনৈতিক উদ্দেশ্যও বিচারকাজের ধীরগতির একটি কারণ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়সাল মাহমুদ বলেন, পূর্ববর্তী সময়ে দ্রুত বিচার সম্পন্ন করার মতো সদিচ্ছার অভাব ছিল। বরং ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহারের প্রবণতা দেখা গেছে। ফলে কার্যকর উদ্যোগের ঘাটতি ছিল।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরাও দ্রুত বিচার শেষ করার পক্ষে মত দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবী মাসুদ খান খোকন বলেন, বাকি সাক্ষ্যগ্রহণ শেষ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।

আইনজীবীদের মতে, বর্তমান গতিতে বিচারকাজ এগোতে থাকলে চলতি বছরের মধ্যে রায় ঘোষণার সম্ভাবনা নেই।