অস্থিতিশীল করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৮:১৯ | অনলাইন সংস্করণ

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার একটি স্থিতিশীল, সংবেদনশীল ও সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার পথে রয়েছে এবং এ পথে কেউ বাধা সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন এলাকায় সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সংকট পুরোপুরি অস্বীকার করার সুযোগ নেই। তবে এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, বৈশ্বিকভাবেও বিদ্যমান। তিনি জানান, জনগণের কষ্ট বিবেচনায় রেখে সরকার দেরিতে জ্বালানির দাম সামান্য বাড়িয়েছে, যেখানে আশপাশের দেশগুলো তুলনামূলক বেশি বৃদ্ধি করেছে।

মন্ত্রী বলেন, সরকার চেষ্টা করছে যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে এবং ঘরবাড়ি কিংবা কারখানায় বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে উৎপাদন ব্যাহত না হয়।

তিনি উল্লেখ করেন, অনেক দেশে এ পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধ পর্যন্ত জারি হয়েছে, তবে বাংলাদেশ এখনো সে অবস্থায় পৌঁছায়নি এবং ভবিষ্যতেও যাবে না বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী।