বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৫ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদানের প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, ডিপার্টমেন্ট অব স্টেট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া বন্ধ রে‌খে‌ছে স্টেট ডিপার্টমেন্ট।

এর আগে গত ৪ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি তালিকা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে বিভিন্ন দেশের অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তা গ্রহণের হার তুলে ধরা হয়।

‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শিরোনামের ওই তালিকায় ১২০টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম। তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর প্রায় ৫৪.৮ শতাংশ কোনো না কোনো সরকারি সহায়তা গ্রহণ করে।

দক্ষিণ এশিয়ার মধ্যে তালিকায় আরও ছিল ভুটান, আফগানিস্তান, পাকিস্তান এবং নেপাল।