অনলাইন সংস্করণ
১৬:৩৯, ২৫ এপ্রিল, ২০২৬
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৪২ শিশু, আর উপসর্গ নিয়ে মারা গেছে ২০৯ জন।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৬০ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে ৩০ হাজার ৬০৭ শিশু।
শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ হিসাব ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৭ শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১২৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭১০ শিশু।