প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৪ | অনলাইন সংস্করণ

বিএনপি সরকারের দ্বিতীয় এবং চলতি অর্থবছরের ১০ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

রোববার (২৬ এপ্রিল) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। 

জানা গেছে, সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হবে। আর এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি, কৃষি-পানি-সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প রয়েছে। এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্প উত্থাপন করা হবে। 

এর আগে, গত ৬ এপ্রিল অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন করা হয়েছিল।