হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৬:২৫ | অনলাইন সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে এবং বাকি ৭ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

একই সময়ে হাম ও হাম সন্দেহে ১ হাজার ৫৬৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৪৩ জন ও সন্দেহভাজন ১ হাজার ৪২১ জন।

রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এস তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৪৩ জনের এবং হাম সন্দেহে ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর হার বিবেচনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকায়। এখানে হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১০২ শিশুর এবং নিশ্চিত হামে ২৮ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ২৮ জনে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৬০৩।