কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৭:০৪ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

আগামীকাল (সোমবার, ২৭ এপ্রিল) যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি খাল খনন কাজের উদ্বোধনসহ পূর্ব ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী আগামীকাল (সোমবার) সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের নিজ বাসভবন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করবেন। সকাল সাড়ে ৯টায় শাহজালাল বিমানবন্দর থেকে যশোর বিমানবন্দরের উদ্দেশে আকাশপথে যাত্রা করবেন তিনি।

এরপর বেলা ১১টায় ১৫ মিনিটে যশোর শার্শা উপজেলার উলশী খাল খননের উদ্বোধন করবেন। সাড়ে ১১টায় আয়োজিত পথসভা/সুধী সমাবেশে যোগদান করবেন। দুপুর ১২টা ১৫ মিনিটে শার্শা উপজেলা হতে যশোর সার্কিট হাউসের উদ্দেশে সড়কপথে যাত্রা করবেন। দুপুর ১টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন। বিকেল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় যোগদান। 

এরপর বিকেল সোয়া ৫টায় জনসভাস্থল হতে যশোর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শেষে সন্ধ্যা ৭টায় আকাশপথে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী।