ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বজ্রাঘাতে দেশে একদিনে ১৪ জনের মৃত্যু

বজ্রাঘাতে দেশে একদিনে ১৪ জনের মৃত্যু

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোববার বিকেল থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিতে কমেছে তাপমাত্রা, ফিরেছে কিছুটা স্বস্তি। তবে এই স্বস্তির মাঝেই দেশের অন্তত সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে দেশের সাতটি জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে গাইবান্ধায়, যেখানে শিশুসহ পাঁচজন মারা গেছেন। ঠাকুরগাঁওয়ে দুইজন, সিরাজগঞ্জে দুইজন এবং জামালপুরে দুইজন বজ্রপাতে নিহত হয়েছেন। এসব ঘটনায় অধিকাংশ ভুক্তভোগী ছিলেন মাঠে কাজ করা কৃষক বা গ্রামীণ শ্রমজীবী মানুষ। পঞ্চগড়ে এক চা-শ্রমিক, নাটোরে এক ধানকাটা শ্রমিক এবং বগুড়ায় এক কৃষকের মৃত্যু হয়েছে বজ্রপাতে। প্রত্যেক ক্ষেত্রেই দেখা গেছে, বৃষ্টির সময় খোলা মাঠে বা উন্মুক্ত স্থানে থাকায় তারা ঝুঁকির মুখে পড়েন। জামালপুরে বজ্রপাতে দুইজন নিহত হওয়ার পাশাপাশি চারজন আহত হয়েছেন এবং পাঁচটি গরুর মৃত্যু হয়েছে।

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু হয়েছে। আজ বিকেল সাড়ে তিনটার দিকে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দহবন্দ গ্রামে ধান কাটার সময় বজ্রাঘাতে ৩ জন কৃষক নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

জামালপুর: জামালপুরে পৃথক স্থানে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন- সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের চরযথার্থপুর এলাকার হাসমত আলী ও মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার কড়ইচড়া গ্রামের রাজীবের স্ত্রী মর্জিনা।

পুলিশ জানায়, কড়ইচড়া গ্রামে বিকেলে বাড়ির উঠানে থাকা রান্নাঘরে কাজ করছিলেন মর্জিনা। এ সময় হঠাৎ বজ্রাঘাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

এছাড়াও চরযথার্থপুর এলাকায় বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন হাসমত আলী ও আনোয়ার হোসেন নামে দুই ব্যক্তি। এ সময় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রাঘাতে হাসমত আলীর মৃত্যু হয়। আহত হন আনোয়ার হোসেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশিন গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, এদিন বিকেলে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশিন গ্রামে আব্দুল হামিদ নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রাঘাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে হাসান শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাসান শেখ ওই এলাকার আব্দুল হালিম শেখের ছেলে।

নাটোর: নাটোরের সিংড়ায় বজ্রাঘাতে সম্রাট হোসেন (২৬) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার ঠেংগা পাকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সম্রাট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে চলনবিলে ধান কাটছিল সম্রাটসহ আরও কয়েকজন। এ সময় বজ্রাঘাত হলে তিনি গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বগুড়া: বগুড়ার গাবতলীতে বজ্রাঘাতে সুমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুমন মুচিখালী গ্রামের বাসিন্দা মো. আব্দুল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের জমি থেকে ছাগল আনতে যান সুমন। এ সময় আকস্মিক বজ্রাঘাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পঞ্চগড়: পঞ্চগড়ে বজ্রপাতে সোহরাওয়ার্দী (২৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে মোস্তফা কামাল (৪৬) ও জাহিরুল ইসলাম (৪২) নামে আরও দুই শ্রমিক আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) বিকেলে জেলার আটোয়ারী উপজেলার সোনাপাতিলা এলাকায় চা বাগানে পাতা উত্তোলনের সময় এই ঘটনা ঘটে। তাদের বাড়ি ওই এলাকাতেই। সোহরাওয়ার্দী ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।

আবা/এসআর/২৬

বজ্রাঘাত,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত