ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বজ্রপাতে আজও ৯ জনের মৃত্যু

বজ্রপাতে আজও ৯ জনের মৃত্যু

আজও দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোণা ও নোয়াখালীতে এসব ঘটনা ঘটে।

এর আগে, গতকাল রোববার (২৬ এপ্রিল) দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ১৪ জন নিহত হন।

সুনামগঞ্জে তিনজন নিহত

সুনামগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে জমির হোসেন (৪২) ও জমির উদ্দিন (৪৬) নামের দুই কৃষক এবং জামালগঞ্জ উপজেলায় আবু সালেক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, বিকেলে আব্দুল্লাহপুর গ্রামে ধান কাটতে যান জমির উদ্দিন। এ সময় বজ্রপাতে আহত হলে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই সময় গৌরারং ইউনিয়নের বৈঠাখালি গ্রামের জমির হোসেন বাড়ি থেকে হাওড়ে যাওয়ার পথে বজ্রপাতে মারা যান। এ ছাড়া শান্তিগঞ্জ উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে তিনজন আহত হয়েছেন।

হবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক কৃষক।

নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মকসুদ মিয়া (৩৫) এবং বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়ার আব্দুল সালাম (৬০)।

পুলিশ জানায়, মকসুদ মিয়া নিজ জমিতে ধান কাটছিলেন। বানিয়াচংয়ে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয় আব্দুল সালামের। একই উপজেলার গড়পাড় গ্রামের সামরুজ মিয়া (৫০) নামের আরেক কৃষক আহত হয়েছেন।

নেত্রকোণায় তিনজনের মৃত্যু

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পৃথক তিনটি স্থানে বজ্রপাতে এক জেলে ও দুই কৃষকের মৃত্যু হয়েছে।

উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গোদারাঘাট এলাকায় ধনু নদে মাছ ধরতে গিয়ে আব্দুল মোতালিব (৫৫) নামে এক শিকারীর মৃত্যু হয়। সকালে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

একই দিনে সাতগাঁও গ্রামে বাড়ির সামনে হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে মারা যান মোনায়েম খাঁ পালান নামে এক কৃষক। এ ছাড়া বিকেলে কৃষ্ণপুরের ছায়ার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে মো. শুভ মন্ডল নামের আরেক কৃষকের। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

নোয়াখালী

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ আরাফাত হোসেন (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার খাসের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আবা/এসআর/২৬

বজ্রপাত,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত